সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়। উপ নির্বাচনের ফলাফলও হতাশাজনক। সংকটময় এমন প্রেক্ষাপটে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির সংগঠনে বড় ধরনের রদবদলের দাবি উঠছিল দলের অন্দর থেকেই। শেষ পর্যন্ত কলকাতা পৌরসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর সংগঠনের শীর্ষস্থানীয় পদগুলোতে পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন ‘আদি’ বিজেপির শীর্ষ নেতারা। ফলে কমিটি গঠনে প্রাধান্য পেয়েছে অপেক্ষাকৃত তরুণ মুখগুলো।
বুধবার (২২ ডিসেম্বর) রাজ্য বিজেপির পক্ষ থেকে দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে ১১ জন সহ সভাপতি রয়েছেন। আর পাঁচজন সাধারণ সম্পাদক। এমনকি সম্পাদকের সংখ্যাও মোট ১২ জন। ফলে সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন দলের দীর্ঘ দিনের নেতা সায়ন্তন বসু। রাজ্য কমিটি থেকে বাতিলদের তালিকায় প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিশ্বপ্রিয় রায় চৌধুরীর নামও রয়েছে।
সঞ্জয় সিংকে রাজ্য সম্পাদক পদ থেকে সরানো হলেও শেষ পর্যন্ত তাকে সহ সভাপতি করা হয়। তবে সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে এতদিন দলের রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে। রয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এই পদেই রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায় (গত বিধানসভা নির্বাচনে সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়ে পরাজয় বরণ করতে হয় তাকে)।
সহ সভাপতি করা হয়েছে যে ১১ জনকে তাদের মধ্যে রয়েছেন জগন্নাথ সরকার, অর্জুন সিং, খগেন মুর্মু, জ্যোতির্ময় সিং মাহাতোর। রয়েছেন- শ্যামাপদ মণ্ডল, সঞ্জয় সিং, রথীন বসু, কৃষ্ণ বৈদ্য, অনিন্দ বন্দ্যোপাধ্যায়, সমীর দাস এবং মধুছন্দা কর।
রাজ্য বিজেরির সচিব পদে রাখা হয়েছে- বিধায়ক শঙ্কর ঘোষ, গৌরীশঙ্কর ঘোষ, গোপাল সাহা, বিমান ঘোষ, অশোক দিন্দা, লক্ষ্ণ ঘড়ুইকে। এমনকি রয়েছেন- ফাল্গুনী পাত্র, নবারুণ নায়েক, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, সোনালী মুর্মু, উমেশ রাই, দীপাঞ্জন গুহ, অশীস বাপত, প্রণয় রায়, প্রবীণ আহারওয়াল, প্রত্যুষ মণ্ডল।
অগ্নিমিত্রা পালের বদলে এবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তনুজা চক্রবর্তীকে। আর সৌমিত্র খাঁয়ের বদলে যুব মোর্চার দায়িত্ব পেয়েছেন ডা. ইন্দ্রনীল খান। একুশের ভোট কসবা থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। বিভিন্ন আলোচনাতেও দেখা গেছে তাকে।
এসটি-এসসি মোর্চার প্রধানের দায়িত্বে বিধায়ক ড. সুদীপ দাস ও জোয়েল মুর্মু। ওবিসি মোর্চা সামলাবেন অজিত দাস। কিষাণ মোর্চার প্রধানের পদে মহাদেব সরকার। কৃষকদের দাবিদাওয়ার প্রতি অনমনীয় মমতা সরকার, এই অভিযোগে দিন কয়েক আগেই সিঙ্গুরে তিন দিনের ধর্না আন্দোলন করেছে বিজেপি। তাতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল মহাদেব সরকারকে। সংখ্যালঘু মোর্চার সভাপতি পদে রয়েছেন চার্লস নন্দী।
বিজেপির রাজ্য কমিটির মুখ্য মুখপাত্র থাকছেন শমীক ভট্টাচার্য। এছাড়া একই পদে রয়েছেন জয় প্রকাশ মজুমদার। মিডিয়া ইনচার্জ করা হয়েছে প্রাক্তন যুব সভাপতি তুষার কান্তি ঘোষকে। এতদিন ইনচার্জ ছিলেন সপ্তর্ষি চৌধুরী। তাকে এবার কো- ইনচার্জ করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ কমিটিতেও এসেছে বিরাট পরিবর্তন। কিন্তু এতেই কী গেরুয়া শিবিরের সংগঠন চাঙ্গা হবে? সময়ের গর্ভে লুকিয়ে এই প্রশ্নের জবাব।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস